মাদারীপুরে নির্বাচন উপলক্ষে গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

শিবচর প্রতিনিধি।।
থাকবে পুলিশ জনপদে, ভোট দিবে নিরাপদে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংসদীয় আসন ২১৮, মাদারীপুর-১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গ্র্যান্ড ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এগারোটার দিকে শিবচরের হাতিরবাগান মাঠে শিবচর থানা পুলিশের আয়োজনে প্যারেড অনুষ্ঠিত হয়। নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ যেন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি নির্বাচনকালীন ডিউটিতে নিয়োজিত সকল কর্মকর্তা ও সদস্যদের আইনানুগভাবে দায়িত্ব পালনের পাশাপাশি সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
তিনি জানান, নির্বাচনে পুলিশ মূল দায়িত্বে থাকলেও সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ র‍্যাব বিজিবি । সকল বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে।
ব্রিফিংয়ে মোবাইল পেট্রোল ও স্ট্রাইকিং রিজার্ভে দায়িত্বে থাকা সদস্যদের ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা ও নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
অধিকাংশ ভোটকেন্দ্র সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার আওতায় থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটানোর চেষ্টা হলে ফুটেজ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এইচ এম ইবনে মিজান, শিবচর উপজেলা সেনা ক্যাম্পের মেজর জেনারেল মোঃ সিয়াম, বিজিবি প্রতিনিধি মোঃ শাখাওয়াত, শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশফাকুল রহমানসহ উপজেলা পর্যায়ের প্রিজাইডিং কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।