বরিশাল অতিরিক্ত প্রধান প্রকৌশলীর প্রচেষ্টায় দপদপিয়া সেতুর ভোগান্তির নিরসন, স্বস্তিতে ববির শিক্ষার্থীরা

জেআই জুয়েল, বরিশাল।

অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের আগেই দপদপিয়া সেতু থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, আগামী শুক্রবার (২ অক্টোবর) থেকে সড়কটির সংস্কার কাজ শুরু হবে। বরিশাল সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বির প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই এই কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা ও মরণ ফাঁদের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। এ নিয়ে গত ১০ অক্টোবর দৈনিক সংবাদএ নিয়ে দপদপিয়া সেতু যেন এখন মরণ ফাঁদ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এছাড়া গত ২৩ সেপ্টেম্বর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলামের সাথে ববির শিক্ষার্থীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। বিষয়টি বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নজরে আসলে তিনি দ্রুত উদ্যোগ নেন।

এ বিষয়ে বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন,অতিরিক্ত প্রধান প্রকৌশলী নির্দেশনায় আমরা শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের আগেই কাজ শুরু করছি আগামী কাল শুক্রবার কাজ শুরু  হবে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালক ড. আতিকুর রহমান বলেন,”দপদপিয়া থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভোগান্তির কারণ ছিল। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সড়ক বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,”এই সড়কটির জন্য প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছিলাম। সংস্কার কাজ শুরু হওয়ার খবর শুনে আমরা স্বস্তি পাচ্ছি।”

সংস্কারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।