উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম রাজু নামে দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ জুলাই ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসীমউদ্দিন বিআরটি ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিব দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার। তিনি ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোডের মৃত নুর ইসলামের ছেলে। তিনি উত্তরখানের মাজার এলাকায় থাকতেন।
অপর নিহত রবিউল দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার। তিনি গোপালগঞ্জ সদরের নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে। তিনি উত্তরার আব্দুল্লাহপুরে থাকতেন।
যেভাবে দুর্ঘটনা ঘটে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাজু ও শাকিব।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও তাদের হাসপাতালে পাঠানো রিকশাচালক মো. সাগর ওরফে সুখেল বলেন, ‘একটি লাল রঙের বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাস্তার ডান পাশে জায়গা থাকার পরও বাসটি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। মনে হয়, বাসটি ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচল করে।’
তিনি আরও বলেন, ‘তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পুলিশের বক্তব্য
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, ‘সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক মারা গেছেন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘাতক চালক ও গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।’
 এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।