বরিশালে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-কমিশন বাণিজ্যের অভিযোগ,

প্রতিনিধি, বরিশাল

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির সাউদার্ন কান্ট্রি আয়রন ব্রিজ রিকন্সট্রাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট-আইবিআরপি’র প্রকল্প পরিচালক ও বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন ওরফে অলোকের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, কমিশন বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব অভিযোগ করেছেন। একই সঙ্গে বিভিন্ন প্রকল্পের নথি পর্যালোচনায় কিছু অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি তাদের। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের মূল বিষয়গুলো
অভিযোগকারীদের দাবি, প্রাক্কলন অনুমোদন, এপিপি, টেন্ডার অনুমোদন, বিল পরিশোধ ও অর্থ বরাদ্দের প্রতিটি ধাপে কমিশন ছাড়া ফাইল অগ্রসর হয় না। তাদের ভাষ্য, মোট ৬% কমিশন নেওয়া হয়। এর মধ্যে প্রাক্কলনে ২%, এপিপিতে ১%, টেন্ডারে ১%, বিলে ১% ও বরাদ্দে ১%। এই কমিশন আদায়ে বরিশাল এলজিইডির এক সিনিয়র সহকারী প্রকৌশলী সমন্বয় করেন বলে অভিযোগ করা হয়েছে।

কয়েকজন ঠিকাদার আরও দাবি করেন, ডিপিপিতে অন্তর্ভুক্ত নয় এমন কিছু কাজেরও প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়েছে। ঝালকাঠি ও বরগুনার কয়েকটি সেতু প্রকল্পের নথির উদাহরণ দিয়ে তারা বলেন, অনুমোদন ও ডিপিপির মধ্যে অসঙ্গতি রয়েছে।
অভিযোগে বলা হয়, বরগুনা সদর উপজেলার বিআরজি-৫-৩৩ ও বিআরজি-৬-৪৬ প্যাকেজের ৭ কোটি টাকার সেতু প্রকল্পে শুধু রাস্তার জন্য ডিপির বাইরে অতিরিক্ত প্রাক্কলন তৈরি করে কমিশনের বিনিময়ে তা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আইবিআরপি প্রকল্পের আওতায় বরিশালের ২৫৮টি আয়রন ব্রিজের মধ্যে ৫৪টি ব্রিজে নিম্নমানের রং ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা-এই ৬ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও এলজিইডির চলমান প্রকল্প তদারকির দায়িত্বে রয়েছেন তিনি। একই সাথে আইবিআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন মুঠোফোনে কল করা হলে তার সাড়া পাওয়া যায়নি বিদায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।