সাতারকুল গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষিকা খাদিজার বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ 

স্টাফ রিপোর্টার।

রাজধানীর সাতারকুলের বাড্ডা স্বদেশ প্রপার্টিজ আবাসিক এলাকায় অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর শিক্ষিকা খাদিজা বেগমের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক ছাত্রকে আটকে রেখে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা সোনিয়া আক্তার জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি তার ৭ বছর বয়সী ছেলে এরিককে যথারীতি স্কুলে দিয়ে আসেন। সকাল ১০টার দিকে স্কুল থেকে ফোন করে জানানো হয়, এরিক সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে।

তিনি বলেন, “খবর পেয়ে তড়িঘড়ি করে স্কুলে গিয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাই কীভাবে পড়ে গেল। তারা জানায়, বেশি ব্যথা পায়নি, এরিক এখন ক্লাসে আছে।”

এরপর সোনিয়া আক্তার সিসিটিভি ফুটেজ দেখতে চান। তার অভিযোগ, “আমি বলি স্কুলে তো সিসি ক্যামেরা আছে, আমি ফুটেজ দেখতে চাই, আমার ছেলেকে কে দুইবার ফেলে দিয়েছে। কিন্তু তারা ফুটেজ না দেখিয়ে উল্টো আমার ছেলেকে পাশের একটি কক্ষে একা নিয়ে আটকে রেখে অমানবিকভাবে নির্যাতন করেন শিক্ষিকা খাদিজা বেগম।”

তিনি আরও বলেন, তার ছেলে বাসায় ফিরে আতঙ্কিত অবস্থায় ঘটনাটি জানায়। এ ঘটনায় তিনি ওই শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন।

এ বিষয়ে সোনিয়া আক্তার বলেন, “আমার সন্তানের সাথে যে আচরণ করা হয়েছে তা অমানবিক। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নেব।”

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা খাদিজা বেগম ও স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।