বান্দরবানে দুই বছর পর নিজ গৃহে ফিরেছে ১৫ টি পরিবার

বান্দরবান প্রতিনিধি।

দীর্ঘ তেইশ মাস পর সেনাবাহিনীর প্রচেষ্টায় বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রাম ছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য তাদের নিজ গৃহে ফিরে এসেছে। শনিবার আন্তঃবাহিনী পরি দপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এসময় সেনাবাহিনীর সফল যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছে। ইতিপূর্বে, বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি হতে নিরাপত্তাহীনতার  কারনে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী। কুকি চীন সন্ত্রাসীদের অযাচিত চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে।