গাজীপুরে ১১দলীয় জোটে প্রার্থীকে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি।। গাজীপুর–২ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানকে হত্যার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জোটের নেতাকর্মীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) দেড়টার সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা।
এ সময় লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যার দিকে গাজীপুর–২ সংসদীয় আসনে শাপলা কলি মার্কার সমর্থনে নির্বাচনী শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর ২৩ নং ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রচারণার মাইক বহনকারী একটি অটোরিকশা ইচ্ছাকৃতভাবে গতি রোধ করে উচ্চস্বরে মাইক বাজাতে থাকে।
বারবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত না করে উসকানিমূলক আচরণ অব্যাহত রাখে বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাপলা কলির শোভাযাত্রা রাস্তা পার হয়ে পোড়াবাড়ী বাজারের পূর্ব পাশে অগ্রসর হলে, ২১ নং ওয়ার্ড যুবদলের নেতা সুমন সরকার ও গাজীপুর–২ আসনের প্রার্থীর চাচা পরিচয়দানকারী এক ব্যক্তি ধানের শীষের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার দিয়ে গাড়ি চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায়।
বক্তব্যে আরও বলা হয়, শোভাযাত্রা পশ্চিম পাশে পোড়াবাড়ী বাজারে পৌঁছালে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির স্টিকার সম্বলিত একটি নির্বাচনী গাড়ি ব্যবহার করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন উদ্দেশ্যমূলকভাবে শাপলা কলির গতি রোধ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন।
১১ দলীয় জোটের নেতারা বলেন, এসব ঘটনা ফৌজদারি অপরাধ, নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে তারা আখ্যা দেন।