ঝিনাইদহে মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ নিহত-১

ঝিনাইদহ প্রতিনিধি।

১১ ফেব্রুয়ারি-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোশাররফ হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল সকালে হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সাথে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সন্ধ্যায় গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জেরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে এ ঘটনায় মহিনকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন স্বজনরা। উভয়পক্ষই স্থানীয় বিএনপির সমর্থক।