এক যুগ পূর্ণ করে ১৩তম বর্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সফলতার সঙ্গে ১২ বছর অতিক্রম করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে।

বৃহস্পতিবার ১৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০১৪ সালের ১৭ জুলাই ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে ২৫টি উড়োজাহাজের বহর নিয়ে দেশি-বিদেশি ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বহরে রয়েছে ৩টি এয়ারবাস এ৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০সহ মোট ২৫টি উড়োজাহাজ। যাত্রা শুর পর থেকে ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। 

দেশের ৫টি অভ্যন্তরীণ গন্তব্যের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও চীনের বিভিন্ন রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

ভবিষ্যৎ পরিকল্পনা।

সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে বহরে আরও ২১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালুর পাশাপাশি কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জোহর বারু, পেনাং ও হংকংসহ নতুন কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। 

ভবিষ্যতে লন্ডন, রোম, নিউইয়র্ক, টরন্টো ও সিডনি রুটেও ফ্লাইট চালুর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

পুরস্কার ও জনবল

ইউএস-বাংলা জানায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে তারা। বর্তমানে দেশে-বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। যাত্রীসেবার পাশাপাশি কার্গো পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

এক যুগপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বলেন, “প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে আধুনিক উড়োজাহাজ ও উন্নত সেবার মাধ্যমে যাত্রীদের সর্বোচ্চ মানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রায় যাত্রী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।