রাজধানীর মিরপুরের সেনপাড়ায় জমে উঠেছে পুরাতন বাইকের হাট

নিজস্ব প্রতিবেদক।

ঢাকারাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া এলাকায় প্রতি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বসে পুরাতন মোটরসাইকেলের জমজমাট হাট। স্থানীয় যুবকদের উদ্যোগে প্রায় ৪ বছর ধরে পরিচালিত এই হাটে লো-বাজেট থেকে শুরু করে ৫ লাখ টাকা দামের বাইক পর্যন্ত কেনা-বেচা হয়।

শুক্রবার ১৪ আগস্ট সরেজমিনে দেখা যায়, হাটজুড়ে রং-বেরঙের পুরাতন বাইক নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সপ্তাহের এই একদিনে বাইক বিক্রির উদ্দেশ্যে দূর-দূরান্ত থেকে বিক্রেতারা আসেন।

সপ্তাহে ৪০-৪৫টি বাইক বিক্রি

হাট কমিটির সদস্য সুমন জানান, “এটি প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহে কমপক্ষে ৪০-৪৫টি মোটরসাইকেল এখানে বিক্রি হয়।”

এক বাইক বিক্রেতা বলেন, “আমি প্রতি সপ্তাহে আমার শোরুমের বাইক নিয়ে এখানে আসি। পরিচালনা কমিটি ক্রেতাদের ১০০% কাগজের নিশ্চয়তা দেয়। আমরাও অল্প লাভে বাইক বিক্রি করি। বেশি দাম নেওয়ার সুযোগ নেই।”

ক্রেতারাও খুশি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা ক্রেতা জামাল বলেন, “স্বল্প বাজেটে একটি পুরাতন হিরো বাইক কিনতে এসেছি। অনেক ঘোরাঘুরির পর পছন্দমতো বাইক কিনে খুব আনন্দিত।”

পুরাতন বাইক ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কমিটি ১০০% কাগজপত্রের নিশ্চয়তা দেয়। পরিচালনার জন্য হাটে ৪১ সদস্যের একটি কমিটি রয়েছে। প্রতি লাখে ২% কমিশন নেওয়া হয়। কমিটির সভাপতি শহিদুল ইসলাম পুরো হাটটি পরিচালনা করছেন।

স্থানীয়দের দাবি, স্বল্প আয়ের মানুষদের জন্য এই হাট আশীর্বাদ। একদিকে যেমন পুরাতন বাইক সাশ্রয়ী দামে পাওয়া যায়, অন্যদিকে বিক্রেতারাও সহজে বাইক বিক্রি করতে পারেন।